
ষ্টাফ রিপোর্টারঃ
আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য সাইকেল র্যালিতে মুখরিত হয়ে উঠেছে লালমনিরহাট শহর। উন্নত, পরিচ্ছন্ন, সচেতন, মানবিক ও বাসযোগ্য জেলা গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন বয়সী তরুণ-যুবকসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
রোববার (১৫ নভেম্বর) সকালে লালমনিরহাট শহরে আয়োজিত এ সাইকেল র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ রাশেদুল হক, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, সুস্থ জীবনযাপন, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের আহ্বান জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, একটি আলোকিত, উন্নত ও সুন্দর লালমনিরহাট গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে একটি জেলার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা, দায়িত্বশীলতা এবং সম্মিলিত অংশগ্রহণ।
তিনি আরও বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাই তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তরুণদের মেধা, শ্রম ও ইতিবাচক চিন্তাভাবনাকে কাজে লাগাতে পারলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।
মন্ত্রী বলেন, লালমনিরহাটের রয়েছে অপার সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলাকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর আগামীর লালমনিরহাট বিনির্মাণ সম্ভব।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ শুধু একটি স্লোগান নয়, বরং এটি একটি সুন্দর, পরিচ্ছন্ন, সচেতন ও মানবিক সমাজ গঠনের সম্মিলিত প্রত্যয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা, ঐক্য ও ইতিবাচক চিন্তাভাবনা আরও জোরদার হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
র্যালিতে বিভিন্ন বয়সী তরুণ-যুবক, সাইক্লিস্ট, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এ আয়োজন ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অংশগ্রহণকারীদের প্রত্যাশা, নাগরিক সচেতনতা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি আলোকিত, পরিচ্ছন্ন, উন্নত ও সমৃদ্ধ লালমনিরহাট।