
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলাজনিত জটিলতায় কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এতে প্রতিষ্ঠান দুটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
জানা গেছে, জেলার কাশিয়ানী উপজেলার এমএ খালেক ডিগ্রি কলেজে কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। কলেজটির কার্যনির্বাহী কমিটির সভাপতি কে হবেন, তা নিয়ে বিরোধের জেরে গত ৮ আগস্ট থেকে কমিটির কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য সভাপতি পদপ্রার্থী এক ব্যক্তি উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত তিন মাসের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন।
এদিকে কমিটির কার্যক্রম বন্ধ থাকায় কলেজটির ৪৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না বলে জানা গেছে।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম সরদার বলেন, দুই পক্ষের এমন কর্মকাণ্ডের কারণে আমরা চরম ভোগান্তিতে রয়েছি। একই সঙ্গে কলেজের শিক্ষার পরিবেশও স্বাভাবিক নেই। কমিটি গঠন নিয়ে জটিলতার পাশাপাশি অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদও শূন্য রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলও সন্তোষজনক হয়নি। ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা প্রায় সমান।
অন্যদিকে জেলার কোটালীপাড়া উপজেলার ৬৮ নম্বর তাড়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটি গঠন নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। কমিটি গঠনের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট না হয়ে মহসিন শেখ নামে এক ব্যক্তি আদালতে মামলা করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারী জানান, নির্ধারিত তফসিল অনুযায়ী গত ১৪ অক্টোবর কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। মহিলা সদস্য পদে মাত্র দুজন প্রার্থী থাকায় বিধি অনুযায়ী ওই পদে নির্বাচনের প্রয়োজন হয়নি। তবে পুরুষ সদস্য পদে তিনজন প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে দুজন সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ থাকায় নিয়ম অনুযায়ী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও বলেন, তিনজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করলেও মহসিন শেখ নির্বাচনী ব্যয় বাবদ নির্ধারিত পাঁচ হাজার টাকা জমা দেননি। বরং নির্বাচনী প্রক্রিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বলে দাবি করেন। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়। ফলে নির্বাচনী কার্যক্রম আর এগোয়নি।
প্রধান শিক্ষক অশোক কুমার অধিকারীর দাবি, নির্বাচনী শর্ত পূরণ না করায় মহসিন শেখের প্রার্থিতা বাতিল হয়। অন্য দুই প্রার্থীর মনোনয়ন বৈধ থাকায় নিয়ম অনুযায়ী তাঁদের নির্বাচিত করার সুযোগ ছিল। চাইলে বিদ্যালয় কর্তৃপক্ষ কমিটি গঠন করতে পারত।
তিনি জানান, মহসিন শেখ নির্বাচন না করার বিষয়ে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। তবে বিজ্ঞ আদালত তাঁকে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমঙ্গল বালা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তকে দুই দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর পর তাঁরা আর কমিটি গঠনের উদ্যোগ নেননি।
সংশ্লিষ্টদের মতে,শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটি না থাকায় প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। দ্রুত আইনি জটিলতা নিরসন করে প্রতিষ্ঠান দুটিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। অন্যথায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।