
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন নজরুলনগর ইউনিয়নের বাবুর হাট বাজারে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে এক দাওয়াতি আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৩১ অক্টোবর) রাতে জাকের পার্টি মূল দল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এবং জাকের পার্টি চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে এই ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
জাকের পার্টি চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মো. ইউনুছ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মুফতি মাওলানা গাজী মারুফ বিল্লাহ। এ ছাড়া বিশ্ব জাকের মঞ্জিলের অন্যান্য ওলামায়ে কেরাম এবং জাকের পার্টি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জলসায় বক্তারা মহাপবিত্র বিশ্ব উরস শরীফের তাৎপর্য, মানবতার কল্যাণ, শান্তি, সম্প্রীতি এবং ইসলামের মহান আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জাকের পার্টির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আগামী বিশ্ব উরস শরীফ সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাকের পার্টি চরফ্যাশন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম জাহিদ।