
ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয়ে এ সভার আয়োজন করা হয়।
গতকাল দুপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় যুবসমাজের সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বেকারত্ব নিরসনে যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। এই বিশাল জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও কর্মসংস্থানের সুযোগ দিতে পারলে তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে কারিগরি শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় যুবকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় যুব দিবসের এ আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে দেশ গঠনে অবদান রাখতে উৎসাহিত করবে।