
ক্রীড়া ডেস্কঃ
চলমান সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঝমাঠ ও আক্রমণভাগে আধিপত্য ধরে রেখে লঙ্কানদের ৪-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।
তবে বড় ব্যবধানে হারের চেয়েও বাংলাদেশের ফুটবলারদের গতি শ্রীলঙ্কার খেলোয়াড়দের বেশি অবাক করেছে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে গিয়ে তাঁদের কয়েকজন জানতে চেয়েছেন, এত দ্রুতগতির পেছনে রহস্য কী এবং বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়।
বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। শুক্রবার কিংস অ্যারেনায় অনুশীলনের আগে তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে চার-পাঁচজন খেলোয়াড় বাংলাদেশের ড্রেসিংরুমে এসেছিলেন। মাঠে বাংলাদেশের ফুটবলারদের গতি দেখে তাঁরা বিস্ময় প্রকাশ করেন।
ডুলি বলেন, ‘ম্যাচের পর শ্রীলঙ্কার চার-পাঁচজন খেলোয়াড় আমাদের কাছে এসেছিল। তারা বলছিল, ব্যাপারটা দারুণ! তোমরা খেলোয়াড়দের কী খাওয়াও? তাদের কথা ছিল, আমাদের একজন দ্রুতগতির খেলোয়াড় মাঠ থেকে উঠে যাচ্ছে, আরেকজন নামছে, যে আগের জনের চেয়েও দ্রুত!
প্রতিপক্ষের খেলোয়াড়দের এমন প্রশংসাকে বাংলাদেশের আক্রমণভাগের ফুটবলারদের সামর্থ্যের স্বীকৃতি হিসেবে দেখছেন ডুলি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় কিংবা প্রতিপক্ষের এই প্রশংসায় আত্মতুষ্টিতে ভুগতে নারাজ তিনি। কারণ, সামনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ।
আগামীকাল রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।