
ক্রীড়া ডেস্কঃ
লিওনেল মেসির অবসর-পরবর্তী নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা। নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এবারের দুই ম্যাচে ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হচ্ছে না।
আগামী নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই দুই ম্যাচে কোনো খেলোয়াড় ১০ নম্বর জার্সি পরবেন না।
ফিফার প্রীতি ম্যাচের নিয়মে ১ থেকে ১১ পর্যন্ত ধারাবাহিকভাবে জার্সি নম্বর ব্যবহারের বাধ্যবাধকতা নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে আপাতত ১০ নম্বর জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। দীর্ঘ দুই দশক ধরে লিওনেল মেসির গায়ে থাকা ঐতিহ্যবাহী এই জার্সির নতুন উত্তরাধিকারী কে হবেন, তা ২০২৭ সালের বাছাইপর্বের আগে নির্ধারণ করবেন কোচ লিওনেল স্কালোনি।