
বাদল শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার পোনা মোল্লাপাড়া গ্রামের জগলুল হায়দার শাহিন (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের বিষয়ে জানতে একদল মানুষ অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত জগলুল হায়দার শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply