
মিঠাপুকুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে থাকা গাছপালা ও ফসল কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
গত ৪ জুলাই (২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ০৭ নম্বর লতিবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সৈয়দ আলী মন্ডল (৭৪) বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পায়রাবন্দ হরিহরপুর মৌজার মোট ৭১ শতক জমি নিয়ে বাদীর সঙ্গে তাঁর আপন বড় ভাই মোঃ সোলায়মান আলী (৭৫), ভাতিজা মোঃ বেলাল মিয়া (৪০) ও ভাতিজা বউ মোছাঃ আদুরী বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিটি বাদী নিজের পৈত্রিক সূত্রে পেয়ে দীর্ঘদিন ধরে নারিকেল, সুপারি, বিদেশী ঘাস ও কাকরোল চাষাবাদ করে ভোগদখল করে আসছিলেন।
ঘটনার দিন অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র (করাত, দাঁ, লোহার রড, সাবল ও কোদাল) নিয়ে বেআইনিভাবে জমিতে অনধিকার প্রবেশ করে। পরে ২ নম্বর বিবাদী সোলায়মান আলীর হুকুমে অন্য অভিযুক্তরা জমিতে থাকা ৭টি নারিকেল গাছ, ৫০টি সুপারি গাছ এবং ঘাস ও কাকরোল ক্ষেত কেটে তছনছ করে।
ভুক্তভোগী সৈয়দ আলী মন্ডল জানান, “গাছপালা ও ফসল কাটায় আমার আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমরা বাধা দিতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট করতে উদ্যত হয়।”
ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মোঃ শাহাদত হোসেন, মোছাঃ ফাতেমা খাতুন ও মোছাঃ সেলিনা বেগমসহ গ্রামের অনেকেই তা প্রত্যক্ষ করেন। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশ জানিয়েছে, লিখিত এজাহার পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply