
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের বহু স্থানে পিচ ও অ্যাসফল্ট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন হাজারো যাত্রী,শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং পণ্যবাহী যানবাহন চরম ভোগান্তি ও ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় প্রকৃত অবস্থা বোঝা যায় না, যার কারণে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। এতে চালক ও যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে পুকুর খনন ও মৎস্য খামার গড়ে তোলার প্রবণতাও নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে। অনেক এলাকায় সড়কের একেবারে পাশ থেকে মাটি কেটে জলাশয় তৈরি করায় সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি সড়কের সংরক্ষিত এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণের ঘটনাও নজরে এসেছে, যা সড়কের দীর্ঘমেয়াদি স্থায়িত্বের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কার্যকর সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটির বর্তমান অবস্থা তৈরি হয়েছে। তাদের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার,অবৈধ পুকুর খনন বন্ধ, সড়ক সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি নিশ্চিত করা হোক।
গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক শুধু একটি যোগাযোগপথ নয় এটি দক্ষিণাঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। তাই জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত সংস্কার ও সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
Leave a Reply