
আন্তর্জাতিক ডেস্কঃ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদের দ্বিতীয় মেয়াদে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, তাদের ব্যাপক অভিবাসন দমন অভিযান এখনও অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই ঘোষণা দিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, ট্রাম্প প্রশাসন ইতিহাসের যেকোনো প্রশাসনের চেয়ে দ্রুত গতিতে সবচেয়ে বেশি ভিসা বাতিল করেছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যেসকল বিদেশি নাগরিক আইন ভঙ্গ করবেন, জালিয়াতির আশ্রয় নেবেন বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করবেন, তাদের বিরুদ্ধে এই প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক তথ্যে দেখা যায়, গত কয়েক সপ্তাহে ভিসা বাতিলের গতি অনেক বেড়ে গেছে। এর আগে, গত ১০ আগস্ট প্রকাশিত এক তথ্যে জানানো হয়েছিল যে, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে।
সেই সংখ্যা মাত্র কয়েক মাসের ব্যবধানে তিন লাখ ছাড়িয়ে গেল।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতেই এই কঠোর অভিবাসন দমন ও নির্বাসন অভিযান চালানো হচ্ছে। তবে অধিকারকর্মীরা এই অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে নাগরিকদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার ও বাকস্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে।
বিশেষ করে বর্ণবৈষম্যের শিকার হতে পারেন, এমন শঙ্কায় জাতিগত সংখ্যালঘু অভিবাসীদের মধ্যে এক ধরণের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।