
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে ‘মীর মুগ্ধ স্কয়ার’-এর সংস্কার কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ‘মীর মুগ্ধ স্কয়ার’-এর পূর্বের নাম ছিল ‘তারেক রহমান স্কয়ার’। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের নামে না রেখে স্কয়ারটির নাম ‘মীর মুগ্ধ স্কয়ার’ রাখেন। তিনি বলেন, এই স্কয়ার শুধু একটি স্থাপনার নাম নয়; এটি জুলাইয়ের আত্মত্যাগ, সাহস ও গণআকাঙ্ক্ষার প্রতীক। প্রতিদিন মানুষ যখন এই স্কয়ারের পাশ দিয়ে যাবে, তখন তারা জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের ত্যাগকে স্মরণ করবে।
তিনি আরও বলেন, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই বীর শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। জুলাইয়ের প্রতিটি শহীদ ও আহত যোদ্ধা আমাদের হৃদয়ের গভীরে চিরদিন বেঁচে থাকবে। তাদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।
মীর শাহে আলম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের মতোই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরও সমান মর্যাদায় স্মরণ করা হবে। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার মূল্য উপলব্ধি করতে পারে।
তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
অনুষ্ঠানের শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলের প্রতি মীর মুগ্ধ স্কয়ারের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই স্কয়ার আগামী প্রজন্মের জন্য জুলাইয়ের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের এক জীবন্ত স্মারক হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply