
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় কোনো প্রকার টেন্ডার বা আইনি প্রক্রিয়া ছাড়াই সরকারি রাস্তার গাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে রাতের আঁধারে এই গাছটি কাটা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই (মঙ্গলবার) রাতে উপজেলার গোড়শাহী রাস্তার পাশের একটি বড় গাছ কেটে ফেলা হয়। অভিযোগ রয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বদলগাছী কার্যালয়ের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ এবং পিয়ন মোঃ ফেরদৌসের প্রত্যক্ষ সহযোগিতা ও ইন্ধনে গাছটি কাটা হয়েছে। তাদের সহায়তায় গোড়শাহী গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম গাছটি কেটে নিয়ে যান।
রাতের অন্ধকারে তড়িঘড়ি করে গাছ কেটে ফেলার এই ঘটনায় স্থানীয় জনগণের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সরকারি সম্পত্তি এভাবে নিয়মবহির্ভূতভাবে কেটে সাবাড় করার পেছনে বড় ধরনের আর্থিক লেনদেন ও অনিয়মের আভাস পাচ্ছেন স্থানীয়রা।
কোনো টেন্ডার বা নোটিশ ছাড়াই রাতের বেলা গাছ কেটে নিয়ে যাওয়া হলো। সরকারি দপ্তরের কর্মকর্তারাই যদি চুরির মতো করে গাছ কাটায় সহযোগিতা করেন, তাহলে সরকারি সম্পদ রক্ষা করবে কে? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এই বিষয়ে অভিযুক্ত সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ এবং পিয়ন মোঃ ফেরদৌসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সন্তোষজনক বক্তব্য পাওয়া যায়নি।
কোনো ধরনের প্রকাশ্য নিলাম বা টেন্ডার ছাড়া কীভাবে সরকারি গাছ কাটা হলো—তা নিয়ে এখন এলাকায় নানা গুঞ্জন চলছে। সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply