
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিদর্শক আসাদুল হক অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন স্থলবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে জুবায়ের আহমেদ (২৪), চর ভানুডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রাকিব সরকার (৩০), সোনামুখী কালিবাড়ি গ্রামের আফজাল শেখের ছেলে কালাম শেখ (৪০), চৌকিবাড়ী গ্রামের আল আমিনের ছেলে তানভীর হোসেন (১৮), পাইকপাড়া গ্রামের মৃত মকবুলের ছেলে মুকুল হোসেন (২৫) রৌহাবাড়ী গ্রামের রাজিউর রহমানের ছেলে আবু হাসেম (২১) এবং সোনামুখী গ্রামের এশারত আলীর ছেলে জান্নাত আলী (২৬)।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply