
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নখাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৬নং নিজপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং ঘর মেরামতের জন্য দুই বান টিন প্রদান করেন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে উপজেলার ৭নং ওয়ার্ডের নখাপাড়া গ্রামে শরিফুল ইসলামের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের আসবাবপত্র, জমিতে ব্যবহারের জন্য রাখা সারের বস্তা, একটি গবাদিপশু, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ থেকে ৬ লাখ টাকা বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, “একটি ঘর শুধু ইট, কাঠ, টিন আর বাঁশের সমষ্টি নয়; এটি একটি পরিবারের স্বপ্ন ও নিরাপদ আশ্রয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে আশার আলো ফিরিয়ে আনতে সামান্য সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজপাড়া ইউনিয়ন শাখার আমীর হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম, সেক্রেটারি মোঃ নুর আলমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।