
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানে গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ শহরের মানিকদাহ হাউজিং মাঠে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে মাঠে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জি এম সরফরাজ। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনীর ২১টি স্টল ঘুরে দেখেন।
এরপর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ আইএলএসটির সিনিয়র ইনস্ট্রাক্টর ডা. প্রিয়াংকা রানী মোদক। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জি এম সরফরাজ। খামারিদের পক্ষে বক্তব্য রাখেন মো. ইয়াহিয়া।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. ফকির এফএমএ মালেক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. ছরোয়ার হোসেন সিকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ভবেন চন্দ্র বাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রাণিসম্পদ খাতে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। সম্প্রতি হ্যাচিং ডিম নাইজেরিয়ায় রপ্তানি করা হয়েছে, যা কাজী হ্যাচারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। কাজী হ্যাচারির মালিকের বাড়িও গোপালগঞ্জ জেলায়। এছাড়া দই, মিষ্টি, রসমালাই, মাংসসহ বিভিন্ন প্রাণিজ পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে শুধু উৎপাদনমুখী নয়, রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি খামারিদের আধুনিকায়ন করা এবং তাঁদের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দেওয়ার লক্ষ্য রয়েছে। প্রাণিসম্পদ বিভাগের কাছে থাকা বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে খামারিদের পরিচিত করানো হচ্ছে, যাতে তাঁরা প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন বাড়াতে পারেন, খামার ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করতে পারেন এবং দেশের প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে পারেন।