
বিনোদন ডেস্কঃ
ইরানে হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের অভিযোগে সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে দেওয়া এ শাস্তি দেশটিতে হিজাব আইন কঠোরভাবে কার্যকরের সরকারি অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তার সহযোগীদের আইনজীবী এ তথ্য জানান। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে, পারাস্তু আহমাদি ও তার চার সহযোগী প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের এ সাজা দেওয়া হয়।
আইনজীবী দলের এক সদস্য জানান, আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ওপর দুই বছরের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই কনসার্টে অংশ নেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। ওই অনুষ্ঠানে তার পরনে ছিল হাতাকাটা পোশাক। এ সময় তিনি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। কনসার্টের ভিডিও এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে। ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজারের বেশি।
অনুষ্ঠানের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরবর্তী সময়ে গত জুনে তাকে প্রথম দোষী সাব্যস্ত করা হয়। সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক। তবে সব সময় একই মাত্রায় এ আইন কার্যকর করা হয়নি। বিশেষ করে ২০২২ সালের পর থেকে হিজাববিধি অমান্য করে নারীদের জনসমক্ষে চলাচলের প্রবণতা বেড়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই চলাফেরা করতে দেখা যাচ্ছে।
২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এরপর হিজাব আইন নিয়ে সরকার ও সাধারণ মানুষের বিরোধ আরও প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক নারী হিজাব ছাড়া নিজেদের ছবি প্রকাশ করছেন।
এদিকে ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছামতো হিজাব আইন কঠোরভাবে কার্যকর করতে পারছে না। তবে যুদ্ধ শুরুর আগেই আইন অমান্যের প্রবণতা বাড়তে শুরু করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও দেশটিতে ক্রমবর্ধমানসংখ্যক নারীকে হিজাব ছাড়া জনসমক্ষে চলাফেরা করতে দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
অন্যদিকে, গত এক বছরে ইরানি কর্মকর্তারা হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি বাস্তবায়নে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সরকারের শালীনতা ও হিজাব টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীদের হিজাব আইন মেনে চলা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন।