
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাস্তার ধারের একটি কাঠের সো-মিল (কাঠ চেরাই মিল)। এতে মিলের যন্ত্রপাতি, কাঠ, টিনের ঘরসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে পড়েছেন মিলটির মালিক বেলাল হোসেন।
গতরাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে নিয়ামতপুর সদর উপজেলার ডাঙ্গাপাড়া তিন রাস্তার মোড় পার হয়ে নিয়ামতপুর-রামনগর-ধানশা টু আড্ডা সড়কের পাশে অবস্থিত ওই সো-মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিল মালিক বেলাল হোসেন জানান, কে বা কারা তাঁর সো-মিলে আগুন দিয়েছে, তা তিনি জানেন না। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে আগুনের ভয়াবহতায় ততক্ষণে মিলের যন্ত্রপাতি, কাঠ, টিনের ঘরসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আক্ষেপ করে বেলাল হোসেন বলেন“আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মিল মালিক বেলাল হোসেন আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
এলাকাবাসীর প্রত্যাশা,অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন,ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।