
কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে ঝটিকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার উখিয়ার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলা ভূমি অফিসে যান।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ভূমি অফিসের বিভিন্ন ফাইল ও গুরুত্বপূর্ণ নথিপত্র সরেজমিনে যাচাই করেন। পাশাপাশি ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি, নামজারিতে দীর্ঘসূত্রতা এবং দালালদের উৎপাতের বিষয়ে খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উখিয়া থানার পরিদর্শক (তদন্ত)। পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকরা উখিয়ায় নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) বদলি হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ নামজারিসহ বিভিন্ন সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন বলে বিভাগীয় কমিশনারের কাছে বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন পর্যায়ে দালালদের উৎপাত ও জনসাধারণের হয়রানি বন্ধে সরকারি সিটিজেন চার্টার বা তথ্য বোর্ড দৃশ্যমান স্থানে স্থাপনের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন আহমেদ বলেন, “মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি এসিল্যান্ড মহোদয়কে স্পষ্ট নির্দেশনা প্রদান করেছি। আর অফিসকে কীভাবে দালালমুক্ত রাখা যায়, সেটার মূল দায়িত্ব কিন্তু এসিল্যান্ডের। এসিল্যান্ড যদি তাৎক্ষণিকভাবে কোনো ধরনের অ্যাকশন বা ব্যবস্থা গ্রহণ করেন, তবেই কেবল এই দালালদের উৎপাত বন্ধ করা সম্ভব।”
তিনি আরও বলেন, আশা করা যায়, ভবিষ্যতে তিন মাস পরপর এসিল্যান্ড বদলি হবেন না। বিভাগীয় কমিশনারের এ পরিদর্শনে ভূমি অফিসের সেবা কার্যক্রম আরও গতিশীল করা, জনভোগান্তি কমানো এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।