
বাদল মিয়া,সরাইল প্রতিনিধিঃ
নিজেকে দেবী দুর্গার সাজে উপস্থাপন করে ফেসবুকে ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই পোস্টে ধর্ম, নৈতিকতা ও মানুষের আচরণ নিয়ে ২২টি বক্তব্য তুলে ধরেছেন তিনি। পোস্টের শেষাংশে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়াকে কেন্দ্র করে মন্তব্য করেন এই সংসদ সদস্য।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিসহ পোস্টটি প্রকাশ করেন রুমিন ফারহানা। তাঁর পোস্টে বিভিন্ন অপরাধ, অনিয়ম ও সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে ধরে ধর্মীয় পরিচয়ের চেয়ে মানুষের কাজ ও আচরণের গুরুত্বের বিষয়টি সামনে আনা হয়েছে।
পোস্টে তিনি ধর্ষণ ও শিশু নির্যাতন, ঘুষ, খুন, নারীর প্রতি সহিংসতা, প্রতারণা, মিথ্যাচার, অন্যের সম্পদ আত্মসাৎ, খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো বিষয় উল্লেখ করেন। এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রতিটি বক্তব্যে ‘ধর্ম যায় না’ কথাটি ব্যবহার করেন তিনি।
রুমিন ফারহানার বক্তব্যে আরও উঠে এসেছে, ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার, ধর্মের আড়ালে অন্যায় করা, উত্তরাধিকারে নারীর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা এবং বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অবহেলার মতো সামাজিক সমস্যাও।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’ তাঁর এই বক্তব্যে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ধর্মীয় পরিচয়ের সঙ্গে মানুষের নৈতিক আচরণের সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি হয়েছে। দুর্গার সাজে তাঁর ছবি প্রকাশ এবং পোস্টের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।
তবে তাঁর পোস্টের বক্তব্যের মাধ্যমে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে বিচার না করে মানুষের কাজ, নৈতিকতা ও অন্যের প্রতি আচরণকে গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে