
লালমনিরহাট সদর উপজেলায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় একটি গরুও প্রাণ হারায়।
রোববার (২২ নভেম্বর) সকালের দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকার বাসিন্দা ও গরু ব্যবসায়ী ফজলুল হক এবং কুলাঘাট এলাকার বাসিন্দা এমদাদুল হক (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী ফজলুল হক নছিমনে করে গরু নিয়ে বড়বাড়ি হাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। একই সময় মোটরসাইকেলে চড়ে কর্মস্থল রংপুরে যাচ্ছিলেন এমদাদুল হক। পথিমধ্যে বসুনিয়াটারী এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ও মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় যানবাহন দুটি ছিটকে সড়কের পাশের গর্তে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ফজলুল হক এবং নছিমনে থাকা একটি গরু মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী এমদাদুল হককে স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি গর্ত থেকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।