
ক্রীড়া ডেস্কঃ
ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাসদের প্রতিপক্ষ হবে নেপাল। আগামী ২০২৭ সালের ৩ জুন (বৃহস্পতিবার) বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এ ম্যাচের মধ্য দিয়ে লর্ডসে এক নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। একই দিনে ঐতিহাসিক এই মাঠে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে একদিনে আন্তর্জাতিক ও ঘরোয়া পুরুষদের ক্রিকেটের এমন দ্বৈত আয়োজন লর্ডসে এবারই প্রথম। তবে ঘরোয়া ম্যাচটিতে কোন দল অংশ নেবে, তা টি-টোয়েন্টি ব্লাস্টের সূচি প্রকাশের পর চূড়ান্ত হবে।
বাংলাদেশের ক্রিকেটের জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে লর্ডসে কখনো পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি টাইগাররা। আগামী বছরের মে মাসের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে দীর্ঘ ১৭ বছর পর লর্ডসে ফিরবে বাংলাদেশ। এর পরপরই নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের ইংল্যান্ড সফরকে আরও স্মরণীয় করে তুলবে।
ম্যাচটি প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানান, লর্ডসে খেলা বাংলাদেশের জন্য সব সময়ই বিশেষ সম্মানের। দুই ক্রিকেটপাগল দেশের দর্শকরাও ম্যাচটি দারুণভাবে উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেন, ‘নেপালে ক্রিকেটের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ আমরা দেখেছি। ক্রিকেট কীভাবে মানুষকে একত্র করতে পারে, তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ ও নেপালকে লর্ডসে স্বাগত জানাতে আমরা রোমাঞ্চিত।’
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (সিএএন) সভাপতি চতুর বাহাদুর চাঁদ এটিকে নেপালের জন্য ঐতিহাসিক উপলক্ষ হিসেবে উল্লেখ করেছেন। সিএএনের সচিব পারস খাড়কা জানান, ‘হোম অব ক্রিকেট’-এ ফেরা নেপালের জন্য গর্ব ও সম্মানের।
এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফর শুরু হবে ১ জুন ওয়ার্মসলিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ দিয়ে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ৬ ও ৯ জুন ওয়ার্মসলিতে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১১ ও ১২ জুন বেকেনহামে আরও তিনটি ম্যাচ খেলবে নেপাল।