
নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে ১৯৪ বস্তা ডিএপি (DAP) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আঘোর বাজারে অবস্থিত ‘মেসার্স আল আমিন ট্রেডার্স’ নামের একটি সার বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মুর্শিদা খাতুন। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ আবুল কালামের গুদামে অভিযান চালিয়ে নিয়মবহির্ভূতভাবে মজুদ রাখা ১৯৪ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য সারের সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা, অবৈধ মজুদদারি এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। এর ফলে কৃষকরা নির্ধারিত দামে সার পাওয়ার সুযোগ পাচ্ছেন।
কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় সার মজুদ, বাজারজাতকরণ ও মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, কৃষকের স্বার্থ রক্ষায় শুধু অভিযান নয়, সারের সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে।