
ধর্ম ডেস্কঃ
মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে তার বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সফরের সমন্বয়ক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শে আপাতত মুফতি তাকি উসমানির সফর স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার বলেন, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সরকার মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করেছে।
আগে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত নয়টি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। এসব আয়োজনের মধ্যে ছিল আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন ও দরসে বুখারি।
মুফতি মুহাম্মদ তাকি উসমানি ১৯৪৩ সালের ৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের প্রখ্যাত আলেম এবং করাচির জামিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা মুফতি মুহাম্মদ শফির ছেলে। দারুল উলুম করাচিতে উচ্চতর ইসলামি শিক্ষা নেওয়ার পাশাপাশি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া করাচি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন।
হাদিস, ফিকহ ও ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত তাকি উসমানি ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি আন্তর্জাতিক ইসলামী ফিকহ অ্যাকাডেমির স্থায়ী সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান। বর্তমানে তিনি করাচির জামিয়া দারুল উলুমের মহাপরিচালক এবং পাকিস্তানের মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতির দায়িত্ব পালন করছেন।
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে সপ্তম অবস্থানে রয়েছেন মুফতি তাকি উসমানি। এর আগে ২০২৬ সালের সংস্করণে তালিকাটিতে তার অবস্থান ছিল দ্বিতীয়।