
শামীম শেখ,স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে মোট ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আজ ১৯ মে ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্র জানায়, রাজবাড়ী জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল আজ বালিয়াকান্দি থানাধীন দুটি ভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ৫০ পিস এবং ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় বালিয়াকান্দি থানাধীন বড় ঘি কমলা গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি এই গ্রামের বাসিন্দা এবং মৃত মনোয়ার মন্ডলের পুত্র মোঃ শরিফুল ইসলাম (৩৭)-এর নিজ বসতঘরে অভিযান চালায়। তল্লাশিকালে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিনে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বালিয়াকান্দি থানাধীন বেরুলী গ্রামে। ডিএনসির দলটি উক্ত গ্রামের বাসিন্দা এবং সবদাল জোয়ার্দ্দারের পুত্র মোঃ আমিরুল ইসলাম (৩৯)-এর নিজ বসতঘরে অভিযান চালায়। তল্লাশিকালে তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দিয়েছে।