
সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম ও একটি নম্বরবিহীন অটোরিকশা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর এলাকায় জালানি পেট্রোল পাম্পের প্রায় ২০০ মিটার দক্ষিণে মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার মামুন মিয়া (৩০), সিয়াম সরকার (২৮), একই উপজেলার সোনারামপুর এলাকার নজরুল ইসলাম (২৫) ও চরচারতলা এলাকার স্বপন (২০)।
সরাইল থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় সন্দেহজনক অবস্থায় ওই চারজনকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি হেভি ব্লেড, একটি লোহার কাটার, কাঠের বাটযুক্ত একটি লোহার ছোরা, একটি লোহার রড, একটি ছোট কাঁচি, একটি লোহার পেরেক, হাতলবিহীন একটি ছোট স্টিলের ছোরা এবং নম্বরবিহীন একটি নীল রঙের অটোরিকশা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে আশুগঞ্জ ও বিজয়নগর থানায় ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। সিয়াম সরকারের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি আদালতে বিচারাধীন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে সরাইল থানা পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে।