
নিজস্ব প্রতিবেদকঃ
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে সংস্থাটির নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশটিগামী ফ্লাইট পরিচালনা নিয়ে আগে ঘোষিত সিদ্ধান্ত ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এ সিদ্ধান্তের ফলে নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে আগের ঘোষণা ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।