
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপালগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি এলাকা, মহিলা কলেজ রোড, পাচুড়িয়া ব্রিজ এবং জেলা প্রশাসন স্কুলসংলগ্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এবং মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া একই সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কিছু বিস্ফোরণের শব্দ তাঁরা শুনেছেন। সামনে কালীপূজা থাকায় বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের টহল দল দায়িত্ব পালন করছে। তবে মহাসড়কে আগুন জ্বালানোর কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
অন্যদিকে, কোটালীপাড়া ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।