
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারজিল সিকদার গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাসিন্দা শাহ আলম শিকদারের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মা নিরালা বেগম গোপালগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী।
ছেলের মৃত্যুর খবর পেয়ে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরসহ বিএনপির নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সারজিল মোটরসাইকেলে করে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবরা মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. আমিনুল ইসলাম আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।