
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে এক অজ্ঞাত নারীর (৩৫) খণ্ডিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে উপজেলার কদিম ধল্যা থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের কদিম ধল্যা এলাকায় এক নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার এস আই ইসমাইল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবুও নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।