
আলোকিত নিউজ ডেস্কঃ
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নেতৃত্বে সাম্প্রতিক মাস গুলোতে উপজেলার অবকাঠামো,কারিগরি শিক্ষা,ধর্মীয় ও সামাজিক খাতে উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতিশীলতা এসেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এবং পরবর্তীতে ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তাঁর নির্বাচনী এলাকা গোবিন্দগঞ্জে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের সূচনা ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্থানীয় বাসিন্দা,দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর সূত্রে জানা গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা যায়,চলতি বছরের মার্চ মাসে এলজিইডির অর্থায়নে প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার হরিরামপুর,কোচাশহর ও বুড়া-বুড়ি এলাকায় তিনটি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গুমানীগঞ্জ ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে আরও দুটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তিনি। স্থানীয় সূত্র মতে,পারাগয়রা ও মিরকুচি-বাবনপুর সংযোগকারী এসব সড়ক নির্মিত হলে এলাকার কৃষি,শিক্ষা ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজতর হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
দীর্ঘ প্রায় ছয় বছরের প্রতীক্ষা ও নানা জটিলতার অবসান ঘটিয়ে গত ৬ জুলাই গোবিন্দগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বহুল প্রতীক্ষিত ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন শামীম কায়সার লিংকন। সারা দেশে ১০০টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার সরকারি প্রকল্পের অংশ হিসেবে উপজেলার মহিমাগঞ্জ সড়কে এ প্রতিষ্ঠানটির কাজ শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে স্থানীয় গণ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা,আধুনিক প্রযুক্তিনির্ভর এ শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে গোবিন্দগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলার যুব সমাজ কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে কর্মসংস্থানের সুযোগ পাবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকায় ধর্মীয় ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন বলে তাঁর দপ্তর ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে। গত অক্টোবরে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় রংপুর চিনিকল ইক্ষু খামার মাঠে জেলা ইজতেমার ময়দান প্রস্তুতি কাজের উদ্বোধন কালে তিনি বলেন,বর্তমান সরকারের সময়ে সব ধর্মের মানুষ স্বাধীন ভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজারের বেশি ইমাম,মুয়াজ্জিন,খাদেম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সেবকদের সরকারি সম্মানীর আওতায় আনতে বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কর্মসূচির সুবিধা গোবিন্দগঞ্জের ধর্মীয় প্রতিষ্ঠান গুলোও পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে গত মার্চ মাসে রাজাহার ইউনিয়নে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের ঘর মেরামতে এসকেএস ফাউন্ডেশন ও স্টার্ট ফান্ড বাংলাদেশের উদ্যোগে পরিবার প্রতি ২৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমে তিনি প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে সমন্বয় করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।