
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বাবার জানাজার নামাজে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন হত্যা মামলার এক আসামি। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্যারোলে মুক্তি পাওয়া যুবকের নাম মো. সাইফুল ইসলাম (২৬)। তিনি ওই এলাকার মো. বেল্লাল হাওলাদারের ছেলে।
জানা গেছে, সাইফুল ইসলামের বাবা বৃহস্পতিবার (২ জুলাই) মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঝালকাঠির বিজ্ঞ আদালত সাইফুল ইসলামকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। পরে রাজাপুর থানা পুলিশ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঝালকাঠি জেলা কারাগার থেকে তাকে গ্রহণ করে নিজ বাড়িতে নিয়ে আসে। সেখানে তিনি বাবার জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জামাইবাড়িতে অবস্থানকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বেল্লাল হাওলাদার। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ওই এলাকার মিলন হাওলাদার নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৫ এপ্রিল মিলনের বড় ভাই বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাইফুল ইসলামও ছিলেন।
পরবর্তীতে গত ২৬ জুন ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-৩-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply