
ক্রীড়া ডেস্কঃ
গাজ্জা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। ৩২ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর ঘটনায় ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন মহল থেকে শোক ও ন্যায়বিচারের দাবি জানানো হচ্ছে।
বুধবার দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে আরও জানানো হয়, সপ্তাহের শুরুতে গাজ্জায় ইসরায়েলি দখলদার বাহিনীর ছোড়া গুলিতে সালিম আল-আশকার নিহত হন। সংস্থাটির দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় যুদ্ধ শুরু হওয়ার পর তিনি ক্রীড়াঙ্গনের নিহত ব্যক্তিদের দীর্ঘ তালিকায় যুক্ত হলেন।
পিএফএর তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। আল-আশকারসহ শত শত খেলোয়াড়, কোচ ও ক্রীড়া-সংশ্লিষ্ট ব্যক্তি এই সময়ে নিহত হয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।
ব্যক্তিগত জীবনেও নতুন পথচলা শুরু করেছিলেন সালিম আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। এমন সময়ে তার মৃত্যু পরিবারকে গভীর শোকের মধ্যে ফেলেছে।
তার মৃত্যুর খবরে পরিবারের সদস্য, সতীর্থ, ফিলিস্তিনি ক্রীড়া অঙ্গন এবং বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীরা শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে স্মরণ করে অসংখ্য বার্তা প্রকাশ করা হচ্ছে।
চিলির ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনোও আল-আশকারের মৃত্যুতে শোক জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে গভীর দুঃখ প্রকাশ করে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ক্লাবটি।
Leave a Reply