
বিনোদন ডেস্কঃ
মিস ইউনিভার্সের এবারের আসরে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় তার এবারের পথচলা শেষ হলো।
দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ ওঠার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন মাহি।
তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে ব্যর্থ হন তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে ওঠার সুযোগ পেয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স বিবেচনা করে নির্বাচিত করা হয়েছে সেরা ৩০ প্রতিযোগীকে। এই তালিকায় স্থান পেয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়ার প্রতিনিধিরা।
পরবর্তী ধাপে সেরা ৩০ প্রতিযোগী অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের মিস ইউনিভার্স।
সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় প্রতিযোগিতার পরবর্তী কোনো পর্বে আর দেখা যাবে না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিকে।