
আনোয়ারুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের পার্বতীপুরে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মনোয়ারা বেগম মনি (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের আমেরিক্যান ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ১৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,একই এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, মোমিনুল ইসলাম ও হাশেম আলী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহিনুর ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মনোয়ারা বেগম মনিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে তাঁর কাছ থেকে ১৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৬৩০ টাকা,মাদক সেবনে ব্যবহৃত বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে ৭টি বাটন ফোন ও একটি স্মার্টফোন রয়েছে।
পুলিশের দাবি, আটক মনোয়ারা বেগম মনি আমেরিক্যান ক্যাম্প এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান,আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।