
বিশেষ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে ০১ নভেম্বর ঢাকার ছয়টি রুটে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ মসিউর রহমান। ওই অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন।
বক্তব্যে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এই স্লোগানকে হাদিস হিসেবে উল্লেখ করলে অনেকে ভাবতে পারেন, তিনি হয়তো পরবর্তী পদায়নের আশায় প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। তবে তার দৃষ্টিতে, স্লোগানটি একটি শাশ্বত বাণী।
তিনি আরও বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ-এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”-এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’
নিজের বক্তব্যে তিনি আরও বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে দেওয়া মসিউর রহমানের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার পর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।