
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা চলাকালে পুলিশের বিশেষ অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব মাছ স্থানীয় ৯টি মাদ্রাসা, এতিমখানা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় (অটোবোরাক) অভিযান চালিয়ে এসব ইলিশ জব্দ করে দক্ষিণ আইচা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন রক্ষায় সরকারি ২৪ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অটোরিকশা থেকে উদ্ধার করা ২০০ কেজি মা ইলিশ উপজেলা মৎস্য বিভাগের উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদের উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং অসহায়দের মাঝে ভাগ করে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, “ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে নিয়ম অনুযায়ী মাছগুলো ৯টি মাদ্রাসা, এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এবং সরকারি নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।