
বাদল মিয়া,সরাইল প্রতিনিধিঃ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩২-এর সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ফটোকার্ডে উল্লেখ করা কোনো বক্তব্য তিনি দেননি।
ফেসবুক পোস্টে নাদিয়া পাঠান পাপন বলেন, ‘আমি কোথাও এমন ধরনের বক্তব্য প্রদান করিনি। বাংলাদেশের দিকে তাকালেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান মানুষ মনে রাখে। আমার দেশের স্বাধীনতা, জাতীয় পতাকা ও সার্বভৌমত্বে যার অবদান, তাঁকে আমি কোনো অঞ্চলে কেন সীমাবদ্ধ রাখব?’
তিনি আরও বলেন, ‘স্থূল বুদ্ধিসম্পন্ন, মাথামোটা লোকের কাজ হলো ভুয়া ফটোকার্ড ব্যবহার করে কাউকে অপদস্ত করার চেষ্টা করা।’
পাপনের দাবি, তাঁর নামে প্রচারিত ফটোকার্ডে উল্লেখ করা বক্তব্যটি তাঁর নয়। এর মাধ্যমে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী। তিনি বলেন, সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম দেখে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে বলে তাঁরা মনে করেন।
আবু সুফিয়ান সিদ্দিকী আরও বলেন, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সরাইল উপজেলা যুবদল এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
তবে কথিত ফটোকার্ডটি কে বা কারা তৈরি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কারা ছড়িয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।