
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উপজেলা বিএনপির উদ্যোগে ৪১ সদস্যবিশিষ্ট মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপিকে উপদেষ্টা করে গঠিত এ কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু-কে উপদেষ্টা সদস্য করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মুক্তিযোদ্ধা বাবু দীনেশ মন্ডলকে।
কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন—জলীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মন্ডল, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার, উজানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুজলা মজুমদার, কাশালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু সন্তোষ বাড়ৈ, সাবেক চেয়ারম্যান বাবু অশোক মৃধা, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, বাটিকামারী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু শিশির মন্ডল, জলীরপাড় বঙ্গরত্ন কলেজের অধ্যক্ষ শমীর শাখারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চিন্তা হরণ মন্ডল, সাংগঠনিক সম্পাদক বাবু ননী গোপাল মন্ডল, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রুবেল শেখ এবং বিএনপি নেতা রানা ঠাকুরসহ আরও অনেকে।
কমিটি সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি বছর মুকসুদপুর উপজেলায় রেকর্ড সংখ্যক ৩০৭টিরও বেশি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে পূজামণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। একই সঙ্গে পূজার আনন্দ যেন সকল ধর্মের মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।