
চরফ্যাশন প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় পরপর চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় মো. মামুন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) বাবুর হাট এলাকা থেকে মামুনকে আটক করা হয়। এলাকায় পরপর চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলে দক্ষিণ আইচা থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত ও অভিযান শুরু করে।
চুরি হওয়া সরকারি মালামালের ঘটনায় দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মো. মামুনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
দক্ষিণ আইচা থানার এসআই মো. শাহীন হোসেন জানান, গ্রেফতার মামুনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামিপক্ষে ছয়জন আইনজীবী উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত মামুনের পিতার নাম হারুন সরদার। তার বাড়ি চরকলমি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজরুলনগর ইউনিয়ন এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, মামুনের বিরুদ্ধে পটুয়াখালী জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
এদিকে ট্রান্সফরমার চুরি ঠেকাতে দক্ষিণ আইচা থানা পুলিশের পক্ষ থেকে রাতের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির।
তিনি বলেন “ট্রান্সফরমার চুরির ঘটনার পর থেকেই পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এই চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তথ্যপ্রযুক্তির সহায়তায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”