
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো. রফিকুল ইসলাম মধুকে (৫০) ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কসংলগ্ন পূর্ব নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১২-এর বগুড়া ও র্যাব-১-এর উত্তরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট বাড়িতে একা থাকা ওই কিশোরী নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ধুনটের উলুরচাপড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। সেখানে রফিকুল ইসলাম মধুকেও পাওয়া যায়। স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ২৫ আগস্ট ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় রফিকুল ইসলাম মধুকে এজাহারভুক্ত ১ নম্বর আসামি করা হয়।
মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।