
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রায় অর্ধ যুগ ধরে ভেটেরিনারি সার্জন নেই। প্রাণিসম্পদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য নেই জরুরি বিভাগ। এ কারণে ১ হাজার হাজার গবাদিপশু ও হাঁস-মুরগির সেবার জন্য খামারি ও চাষিদের পল্লি ও হাতুড়ে চিকিৎসকের দারস্থ হতে হচ্ছে।
এ ছাড়া প্রাণিসম্পদ দপ্তরের আওতাধীন হাজার হাজার প্রাণী সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উল্লেখ্য, ভেটেরিনারি সার্জন না থাকায় হাতুড়ে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানোর কারণে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন কৃষকের গাভীর ও বিভিন্ন খামারে হাঁস-মুরগি র আকস্মিক মৃত্যু হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ছোট বড় কয়েক শত গরু-ছাগলের খামারসহ হাঁস মুরগির খামার রয়েছে। ব্যক্তিপর্যায়েও কৃষকেরা গরু-ছাগল, মহিষ, ভেড়া, হাঁস, মুরগি, কুকুর লালন–পালন করছে। অথচ প্রায় অর্ধ যুগ ধরে হাসপাতালে ভেটেরিনারি সার্জন ও উপসহকারী পানি সম্পদ কর্মকর্তা প্রাণী স্বাস্থ্য এবং ড্রেসার পদটিও শূন্য। এছাড়া হাসপাতালে সৃষ্ট ১১ টি পদের মধ্যে কর্মরত আছেন ৬ জন।৬ জন থেকে ২ রয়েছেন প্রশিক্ষণে।
উপজেলা পোলট্রি খামারি কাসেম মিয়া বলেন, রাজনগর ভেটেরিনারি হাসপাতাল থেকে কোনো সেবা পাই না।
হাঁসের খায়ারি নাজমুল বলেন, আমাদের উপজেলা হাসপাতালে ভেটেরিনারি সার্জন নেই তাই হাঁস মুরগির অসুখ আসলে সঠিক চিকিৎসার অভাবে আমাদের হাঁস মুরগি প্রতিনিয়ত মারা যাচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এমন মোক্তাদির বিল্লাহ বলেন, আমার হাসপাতালে দীর্ঘদিন ধরে প্রধান চিকিৎসক ভেটেরিনারি সার্জন নেই। ভেটেরিনারি সার্জন না থাকায় চিকিৎসা সেবা কিছু ব্যাহত হচ্ছে। তবে সীমিত জনবল নিয়ে চিকিৎসা সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছি।