
উলিপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উলিপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উলিপুর পৌরসভার সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বুলবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।