
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে পৈত্রিক সম্পত্তি জবরদখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রুহানা আক্তার নামে এক নারী। বুধবার বেলা ১১টায় রাজাপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর একমাত্র ভাই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মো. চুন্নু শরীফ এবং বোন মোসা. হালিমা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহানা আক্তার অভিযোগ করেন, তাঁর বাবা হাচেন শরীফ গত বছরের ৮ সেপ্টেম্বর মারা যান। এর দুদিন পর গালুয়া বাজারে তাঁদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে গালুয়া ইউনিয়নের যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম শরীফ, তাঁর ভাই শফিকুল ইসলামসহ ২০-২৫ জন লোক নিয়ে রাতের আঁধারে ঘর নির্মাণের চেষ্টা করা হয়। এতে বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। হামলায় তিনি ও পরিবারের আরও ছয়জন সদস্য আহত হন। পরে তাঁরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। রুহানা আরো বলেন, এ ঘটনায় গত বছরের ১২ সেপ্টেম্বর রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জমি নিয়ে আদালতে একটি বণ্টন মামলা রয়েছে। আদালতের নির্দেশে স্থানীয়ভাবে শালিসের উদ্যোগ নেওয়া হয়। পরে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের উদ্যোগে কয়েক দফা গণশুনানি ও শালিস অনুষ্ঠিত হয়।উভয় পক্ষের কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে শালিসে তাঁদের পরিবারের সদস্যদের প্রকৃত ওয়ারিশ হিসেবে জমির মালিকানা স্বীকার করে সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু এরপরও প্রতিপক্ষ জমি দখলে রেখেছে এবং তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।সংবাদ সম্মেলনে রুহানা আক্তার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ অনুযায়ী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া, পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অভিযোগের বিষয়ে গালুয়া ইউনিয়নের যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম শরীফ বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তিনি বলেন, “জমি আমাদের দখলে, রেকর্ডও আমাদের নামে। আমরাই সেখানে দোকান তুলে ভাড়া দিয়েছি। মারামারি করলে আমাদের নামে তো মামলা থাকত।