
বগুড়া প্রতিনিধিঃ
সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ফ্যামিলি সমাবেশ।
সোমবার (২৪ আগস্ট) বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস, বগুড়া ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মুহাঃ মাহফুজার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান, সমাজসেবা অধিদপ্তর বগুড়ার সরকারি পরিচালক মোহাঃ আতাউর রহমান, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এবং লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার আবু নাসের।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে উপস্থিত সাধারণ মানুষকে অবহিত করা হয়।
আয়োজকরা জানান, সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে সরাসরি জানানো এবং এসব কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের ফ্যামিলি সমাবেশের আয়োজন করা হচ্ছে।