
বিশেষ প্রতিনিধিঃ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট দিতে সংসদ সদস্যদের সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সংসদকক্ষে নিজ আসনে বসার পর সহকারী নির্বাচন কর্মকর্তার কাছ থেকে নাম ও নির্বাচনী সংখ্যা সংবলিত ব্যালট পেপার সংগ্রহ করবেন তাঁরা।
ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে তা সহকারী নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এরপর ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালটটি সংসদকক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।
ব্যালট পেপার পূরণের সময় কোনো কারণে সেটি নষ্ট হয়ে গেলে ব্যালট বাক্সে না দিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে। পরে নির্বাচন কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ভোটগ্রহণের সময় সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না। একই সঙ্গে ভোটকক্ষে কোনো বক্তব্য বা ভাষণ দেওয়ারও সুযোগ থাকবে না। ভোট দিতে কোনো সমস্যা হলে চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের সহায়তা নেওয়া যাবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোট রয়েছে। সংসদ ভবনের নির্ধারিত বুথে আসন নম্বর অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দেবেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু হবে। তবে নির্ধারিত সময়ের আগেই সব সংসদ সদস্য ভোট দিয়ে ফেললে তার আগেও গণনা শুরু করা যেতে পারে।
গণনার শুরুতে মোট কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে।
সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে।