
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে র্যাব-১২-এর পৃথক দুই অভিযানে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোনসহ কিশোর গ্যাং জালাল গ্রুপের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকার তালপুকুরপাড়া ও হাটখোলাপাড়ায় অভিযান দুটি পরিচালনা করে র্যাব-১২-এর বগুড়ার একটি আভিযানিক দল।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে শাবরুলের তালপুকুরপাড়ায় অভিযান চালিয়ে মো. বাপ্পী হাসান (২১) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি লোহার চাপাতি, ১৩টি ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
এরপর ভোর ৫টার দিকে একই এলাকার হাটখোলাপাড়ায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মো. ইউসুফ প্রামাণিক (২২), মো. জালাল মন্ডল (৩৮), মো. রাব্বি হাসান (২২), মো. মেহেদী হাসান (২৩), মো. রিপন প্রামাণিক (২৭), মো. আকাশ প্রামাণিক (১৯), মো. শুভ (২০), মো. কাইয়ম প্রামাণিক (১৯), মো. কাউছার হোসেন (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, দ্বিতীয় অভিযানে তাদের কাছ থেকে নয়টি লোহার চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে মো. জালাল মন্ডলের বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে র্যাবের সিডিএমএস যাচাইয়ে জানা গেছে। এছাড়া বাপ্পী হাসানের বিরুদ্ধেও শাজাহানপুর থানায় একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।