
ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শরীয়তপুরের ভেদরগঞ্জে খাল দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, গত ১৭ বছরে বিভিন্ন খাল দখল ও ভরাট হয়েছে। দখল হওয়া খাল উদ্ধারে প্রশাসন কাজ করছে। পাশাপাশি ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার ও পুনঃখননের কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভেদরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করার সময় তিনি এসব কথা বলেন।
পরে দুপুরে ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ অর্থবছরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০০ ডোজ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়।
হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, খাল দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা বাড়ছে, এটা সত্য। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে আমরা কাজ করছি। দখল হওয়া খালগুলো উদ্ধার এবং ভরাট হওয়া খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব খাল পুনঃখনন করা হবে।
তিনি আরও বলেন, শরীয়তপুরের তরুণদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিগগিরই জেলায় একটি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে হুইপ অপু বলেন, এখনো স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। তারিখ ঘোষণা হলে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের (৩৩) সংসদ সদস্য শওকত আরা আক্তার। শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাছির উদ্দীন কালু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, আক্তার হোসেন রাড়ি, জাকির পালোয়ান, আবু সায়েম খান, আব্দুস সালাম সরদার, আব্দুল মালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া বিকেলে ভেদরগঞ্জ উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারাও বিতরণ করা হয়।