
স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন কক্সবাজারের রামুতে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে তিন সাংবাদিককে অপহরণ, মারধর, জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার কক্সবাজার জেলা কোর্ট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৭ আগস্ট বিকেলে রামুর খুনিয়াপালং এলাকায় অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ শেষে কক্সবাজারে ফেরার পথে তিন সাংবাদিককে টোঙ্গারঢেবা সড়কে গতিরোধ করে একটি চক্র অপহরণ করে বলে অভিযোগ করা হয়।
সাংবাদিকদের জিম্মি করে মুক্তিপণ দাবি এবং পরে মারধর করারও অভিযোগ ওঠে। একপর্যায়ে তাদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন বিষয়ে স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণের চেষ্টা করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
“সাংবাদিকদের ওপর হামলা ও অপহরণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনর রশিদ ও স্থানীয় দৈনিক আপন কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. রমজান আলীর পক্ষে জাতীয় দৈনিক ঘোষণার কক্সবাজার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাদী হয়ে রামু থানায় মামলা করেন।
তবে মামলার পরও প্রধান অভিযুক্ত খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ, নুরুল আমিন নুরুসহ নয় আসামির কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এমনকি ঘটনার প্রায় ১২ দিন পর তিন সাংবাদিককে আসামি করে পাল্টা মামলা করা হয়েছে বলেও দাবি করেন তারা।
তাদের অভিযোগ, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং নির্যাতনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
জাতীয় দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম
দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনর রশিদ চ্যানেল এস-এর ব্যুরো প্রধান আয়াছ রনি জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলম জেএটিভি জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদার দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও আইন সুরক্ষা ফাউন্ডেশনের নেতারা বক্তব্য দেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তসহ সব আসামিকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।