
ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর রাজৈর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখসানা খাইরুন নেছার সভাপতিত্বে সোমবার (১৪ই সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া। এসময় রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকতা ও আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রেখে উপস্থিত সংসদ সদস্য সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউএনও রোখসানা খাইরুন নেছা। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে সবাইকে অভিনন্দন জানিয়ে তার বক্তব্যে রাজৈর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ-খবর নেন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান ও প্রথম লক্ষ্য দেশের আইন-শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে দেয়া এবং রাজৈর উপজেলাও তার আওতাভূক্ত। তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্য বিবাহ, ইভটিজিং, অবৈধ ড্রেজিং সহ যে কোনো বেআইনি কাজ বন্ধে উপজেলা ও পুলিশ প্রশাসনকে আরো কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও তিনি দেশের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ও গৃহীত জনবান্ধব কর্মসূচীগুলোর মাধ্যমে নতুন প্রজন্মকে নতুন বাংলাদেশ উপহার দেয়ার যে অঙ্গীকার নেয়া হয়েছে- তার বাস্তবায়নে মনেপ্রাণে কাজ করার জন্য তিনি সবাইকে যা’র-যা’র অবস্থান থেকে তাকে সহযোগিতার আহবান জানান। বিশেষ করে মাদারীপুরের সবচেয়ে বড় সমস্যা মানবপাচার ও মাদক রোধে আইন-শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে আরো কঠোর হবার নির্দেশনা প্রদান করেন। পরে অনুষ্ঠান শেষে রাজৈর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে তিনি এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন।