
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল। তবে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে শেষ হয় উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মুকসুদপুর মিনি স্টেডিয়াম মাঠে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় মহারাজপুর ইউনিয়ন ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন ফুটবল দল। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
জমকালো সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবর।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী।
খেলায় মহারাজপুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের খেলোয়াড়রা গোলের জন্য মরিয়া হয়ে একাধিক আক্রমণ চালালেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি ০-০ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
ফাইনালে বিজয়ী নির্ধারণ করা সম্ভব না হওয়ায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ পরবর্তীতে ম্যাচটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।